বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প
দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীদের প্রায় ২৭ শতাংশ বা ১২.৬ মিলিয়নেরও বেশি যুবক ও যুব নারী বর্তমানে কোনো ধরনের শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সাথে যুক্ত নেই, যাদের অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ভাষায় ‘নিট’ (NEET) বলা হয় । এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৯০ শতাংশই নারী । তরুণদের এই বিশাল অংশকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) ‘ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (EARN) প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ।
বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া যুবক ও যুব নারীদের জন্য বিকল্প শিক্ষা এবং আধুনিক কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা । যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, বাংলাদেশে সামগ্রিক বেকারত্বের হার মাত্র ৩.১ শতাংশ হলেও তরুণদের মধ্যে এই হার ৮.৯ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক । এই মেগা উদ্যোগের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে দেশের প্রধান অর্থনৈতিক খাতগুলোর জন্য প্রায় ৯ লাখ দক্ষ কর্মী তৈরি করা হবে । এর ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) কাতার থেকে সফলভাবে উত্তরণ ঘটাতে পারবে এবং দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে ।
দেশের ২৫০টি নির্বাচিত উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে । বিশেষ করে দারিদ্র্যপীড়িত, দুর্গম, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা যেমন চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং চা বাগান এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে তরুণদের শুধু কারিগরি প্রশিক্ষণই দেওয়া হবে না, বরং প্রশিক্ষণ শেষে ইন্টার্নশিপ, মেন্টরশিপ এবং ব্যবসা শুরুর জন্য ‘সিড ফান্ডিং’ বা প্রারম্ভিক পুঁজির সহায়তাও দেওয়া হবে, যা গ্রামীণ অর্থনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
EARN ডেস্ক