EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণে ফিল্ড টেস্ট শুরু
EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণের জন্য ফিল্ড টেস্ট শুরু
Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণের জন্য মাঠপর্যায়ে পরীক্ষার (Field Test) কাজ শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬। এই পরীক্ষার জন্য প্রকল্পের কর্মকর্তা ও কনসালটেন্টদের সমন্বয়ে মোট ৫টি দল বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন উপজেলায় একযোগে কাজ শুরু করেছেন।
উপজেলাগুলো হলো - নাইক্ষ্যংছড়ি (বান্দরবান ) পার্বত্য অঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, মোড়েলগঞ্জ (বাগেরহাট) জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) হাওর ও চা বাগান এলাকা, উলিপুর (কুড়িগ্রাম) চরাঞ্চল, ও সিঙ্গাইর (মানিকগঞ্জ) সমতল ভূমি।

EARN প্রকল্পের আওতায় ৯ লাখ NEET (Not in Education, Employment or Training) যুবক ও যুব নারীকে (যাদের মধ্যে ৬০ শতাংশ যুব নারী) অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে, যারা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
বাংলাদেশ সরকারের অনুদান এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটি কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একইসঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে।
শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা ৯ লাখ যুবক ও যুব নারীই EARN প্রকল্পের অভীষ্ট সুবিধাভোগী। প্রকল্পের আওতায় মোট ছয় ধরনের সুবিধাভোগী থাকবেন এবং তাদেরকে বিভিন্ন ভাগে প্রশিক্ষণ দেয়া হবে।
১. গ্রাম পর্যায়ে প্রায় পাঁচ লাখ NEET যুবকে (যার মধ্যে তিন লাখ নারী) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ Socio Emotional Behavior (SEB) ও Enterprise Development Training (EDT) সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
২. এসএসসি/এইচএসসি/ তদূর্ধ্ব যোগ্যতাসম্পন্ন এবং যেকোনো প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিগত বা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে বা করেছে - এমন দুই লাখ NEET যুবকে (যার মধ্যে এক লাখ বিশ হাজার নারী) SEB ও EDT সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হবে।
৩. মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে - এমন এক লাখ NEET যুবকে (যার মধ্যে ৬০ হাজার নারী) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যমান শিক্ষা কার্যক্রমে পুনরায় প্রবেশের ব্যবস্থা করা হবে।
৪. প্রকল্পের আওতাভূক্ত ২৫০ উপজেলার নিবন্ধিত যুব ক্লাবের ৫০ হাজার NEET যুবকে (যার মধ্যে ৩০ হাজার নারী) নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
৫. ২৫ হাজার NEET যুবকে (যার মধ্যে ১৫ হাজার নারী) অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হবে।
৬. অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম অঞ্চলের বাসিন্দা অনগ্রসর সস্প্রদায় এবং বিশেষ চাহিদার এলাকাগুলোর) আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য উদ্ভাবনী তহবিল থেকে অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ২৫,০০০ যুবকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।